WhatsApp Image 2026-03-11 at 3.10.06 PM
Spread the love

জীবনের লড়াই, স্বপ্ন ও বাস্তবের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘গোল’। পরিচালনায় করণ আরিয়ান। প্রধান চরিত্রে অভিনয় করছেন পৃথ্বীরাজ দাস, পায়েল রায়, অদ্রিতা সাধু, শুভাশীষ ভট্টাচার্য, রিক দাস। ফুটবলকে প্রতীক করে গড়ে ওঠা এই আবেগঘন গল্পে উঠে এসেছে এক কিশোরের স্বপ্নপূরণের অদম্য লড়াই এবং দারিদ্র্যের নির্মম বাস্তবতা।

গল্পের কেন্দ্রীয় চরিত্র ছোট ভলু। তার একটাই স্বপ্ন—একদিন বড় ফুটবলার হওয়া। ফুটবলই তার প্রাণ। কিন্তু খুব শিগগিরই সে বুঝতে শেখে, স্বপ্ন আর বাস্তবের দূরত্ব অনেক। যে ফুটবল তার স্বপ্নের প্রতীক, সেই স্বপ্নই একসময় তার কাছ থেকে কেড়ে নেয় প্রিয় বাবাকে। দারিদ্র্য হয়ে ওঠে তার স্বপ্নের সবচেয়ে বড় শত্রু। এমনকি বন্ধুদের থেকেও সে আলাদা হয়ে পড়ে। সামান্য একটি ফুটবল কেনার সামর্থ্যও নেই তার। তবু ভলু হার মানতে শেখেনি। নিজের বুদ্ধি ও অদম্য জেদের জোরে সে টাকা জোগাড়ের চেষ্টা চালিয়ে যায়। একদিকে ছেলেকে হারানোর ভয় নিয়ে মায়ের আঁচল, অন্যদিকে ছেলের স্বপ্নপূরণের আকাঙ্ক্ষা—এই দ্বন্দ্বেই এগিয়ে চলে গল্প। শেষ পর্যন্ত জিতবে কে—স্বপ্ন না বাস্তব?

ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন গিরিধারি গড়াই, স্ক্রিপ্ট লিখেছেন রাজ সামন্ত, মিউজিক ডিরেক্টর হিসাবে রয়েছেন আদিত্য চক্রবর্তী ও এডিটর হিসাবে রয়েছেন সুমন্ত সরকার।

পরিচালক করণ আরিয়ান বলেন, “‘গোল’ হয়তো একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র, কিন্তু এটি দর্শকদের জন্য বড় একটি বার্তা বহন করবে। সংগ্রামের কোনো নির্দিষ্ট বয়স নেই। দিনশেষে আমরা আসলে কী চাই এবং যা আছে তা নিয়েই কীভাবে সুখে থাকা যায়—সেই দর্শনের গল্পই বলবে ‘গোল’। আমাদের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। খুব শিগগিরই একটি বড় OTT প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাবে।”

অভিনেত্রী পায়েল রায় জানান, “‘গোল’ আমার কাছে শুধু একটি কাজ নয়—এটি এক গভীর ব্যক্তিগত অভিজ্ঞতা। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি যেন নিজের ভেতরের অনেক অজানা অনুভূতির দরজা খুলতে পেরেছি। বুঝেছি, স্বপ্ন দেখার কোনো বয়স নেই এবং হেরে যাওয়াই শেষ কথা নয়। আমরা সবাই জীবনের মাঠে নিজের নিজের একটি ‘গোল’ খুঁজে বেড়াই।”

জীবনের লড়াই, আশা ও ভালোবাসার গল্প নিয়ে খুব শিগগিরই দর্শকদের সামনে আসছে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘গোল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *