নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
শহরের অন্যতম প্রতীক্ষিত দুর্গোৎসবের সূচনা হয়ে গেল ঐতিহ্যবাহী রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতি-র খুঁটি পুজোর মাধ্যমে। রবিবার সকালে বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুর্গাপুজো ২০২৬-এর প্রস্তুতি। উৎসবের আবহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র, সঙ্গীত, শিল্প, সমাজসেবা ও রাজনীতির একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, অভিনেতা অর্ঘ্য মুখোপাধ্যায়, ইন্ডিয়ান আইডল সিজন–৫-খ্যাত গায়িকা মনীষা কর্মকার, জনপ্রিয় সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী, সোনারপুর উত্তর-এর বিধায়ক দেবাশিস ধর, বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, সমাজসেবী কেয়া ঘোষ, সমিতির সভাপতি নির্মল মুখোপাধ্যায়, সহ-সভাপতি ও চলচ্চিত্র পরিচালক অনির্বাণ পাড়িয়া, চেয়ারম্যান সন্দীপ বন্দ্যোপাধ্যায় এবং প্রধান পৃষ্ঠপোষক সুদীপ সরকার।
খুঁটি পুজোর মঞ্চ থেকেই উদ্যোক্তারা জানিয়েছেন, এবারের দুর্গাপুজোকে ঘিরে থাকছে একাধিক নতুন চমক। দুর্গাপুজো ২০২৬-এর থিম নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে প্রখ্যাত থিম শিল্পী পূর্ণেন্দু দে-কে। যদিও থিমের বিষয়বস্তু এখনই প্রকাশ করা হয়নি, তবে উদ্যোক্তাদের দাবি, শিল্প, সংস্কৃতি ও সামাজিক বার্তার এক অনন্য মেলবন্ধন দেখতে পাবেন দর্শনার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং এবারের দুর্গোৎসব সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হোক—এই শুভেচ্ছা জানান।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র মণ্ডপসজ্জা বা প্রতিমা নয়, দর্শনার্থীদের জন্য একটি নান্দনিক, সুশৃঙ্খল ও স্মরণীয় উৎসব উপহার দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। পরিবেশবান্ধব উদ্যোগ, শিল্পসম্মত ভাবনা এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে এবারের দুর্গাপুজোকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।
খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হওয়ার পর থেকেই রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির দুর্গাপুজো ২০২৬ নিয়ে উৎসাহ ও প্রত্যাশা তুঙ্গে। উদ্যোক্তাদের বিশ্বাস, এবারের আয়োজন দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে এবং শহরের পুজোপ্রেমীদের কাছে বিশেষ স্থান করে নেবে।
