WhatsApp Image 2026-07-06 at 2.07.21 PM
Spread the love

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সমাজসেবা, জাতীয় চেতনা এবং সাংগঠনিক শক্তিকে সামনে রেখে কলকাতার এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হল ভারতীয় নমো সংঘ (BNMS)-এর প্রথম সাংবাদিক সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক জেলার সংগঠনের সভাপতি, সম্পাদক ও পদাধিকারীদের উপস্থিতিতে এই সম্মেলন কার্যত সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের মঞ্চ হয়ে ওঠে।


সাংবাদিক সম্মেলনে সংগঠনের জাতীয় সভাপতি ড. মনোজ কুমার (মনু ভোমরা) জানান, ভারতীয় নমো সংঘের মূল দর্শন—”রাষ্ট্র প্রথম, সেবা সর্বোপরি, সংগঠন আমাদের শক্তি”। তাঁর বক্তব্য, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ নয়, বরং নিঃস্বার্থ মানবসেবা এবং রাষ্ট্র গঠনে জনসম্পৃক্ততা-ই সংগঠনের প্রধান লক্ষ্য।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস” নীতিকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই এগোতে চায় ভারতীয় নমো সংঘ।
সম্মেলনে সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনার কথাও তুলে ধরা হয়। জানানো হয়, রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, দরিদ্র মানুষের চিকিৎসা ও শিক্ষা সহায়তা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি, ‘এক পেড় মা কে নাম’ অভিযান, ‘ভোকাল ফর লোকাল’-এর প্রচার, নেশামুক্ত ভারত গড়ার সচেতনতা অভিযান, কৃষক ও যুব সমাজের উন্নয়নমূলক কর্মসূচি, নারী ক্ষমতায়ন, দুর্যোগকালে ত্রাণ ও মানবিক সহায়তা এবং সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্য জোরদারে একাধিক উদ্যোগ গ্রহণ করা হবে।


সংগঠনের নেতৃত্বের দাবি, দেশের প্রতিটি রাজ্য ও জেলায় শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করাই তাদের লক্ষ্য। বিভিন্ন জেলার প্রতিনিধিরাও নিজ নিজ এলাকায় এই কর্মসূচিগুলি বাস্তবায়নের অঙ্গীকার করেন।


সাংবাদিক সম্মেলনের শেষে ভারতীয় নমো সংঘের পক্ষ থেকে সমাজের সকল স্তরের মানুষ, বিশেষ করে যুবসমাজকে এই সেবামূলক অভিযানে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। সংগঠনের বক্তব্য, “মানুষের সেবাই প্রকৃত জাতিসেবা”—এই আদর্শকে সামনে রেখেই আগামী দিনে দেশব্যাপী তাদের কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।