এবার ছোটদের জন্য কমেডি ছবির ভাবনায় পরিচালক সূর্য ভট্টাচার্য। ছবির নাম “সাহেব রাজার বাড়ি”।
মুখ্য চরিত্রে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়, অর্ণব ব্যানার্জি, বরুণ চক্রবর্তী। এছাড়াও দেখা যাবে খুদে শিল্পী আদৃজা ভট্টাচার্য, ওঙ্কার ভট্টাচার্য ও সমাদৃতা দত্ত। গল্প জমে উঠবে তাদের ঘিরে।
ছবির গল্পে আইটি পেশাদার রাজদীপ পরিবারের সঙ্গে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। তার স্ত্রী শ্রেয়া একজন ট্রাভেল ভ্লগার। সে ঠিক করে, সাধারণ কোনও জায়গার বদলে তাদের এবারের গন্তব্য হবে রহস্যময় ‘সাহেব রাজার বাড়ি’, যা নিয়ে সে তার পরবর্তী রোমাঞ্চকর ভ্লগ বানাবে। রাজদীপের মা এবং দুই সন্তান—তিতলি ও তোজো-ও বেশ উৎসাহ নিয়ে এই সফরে সঙ্গী হয়।
এই বিশাল প্রাসাদের মালিক ছিলেন রাজা বিভূতি নারায়ণ চৌধুরী, যাঁকে সবাই ‘সাহেব রাজা’ নামে চিনত। নিজের জীবনে তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ রাজা হিসেবে পরিচিত থাকলেও, শেষ বয়সে তাঁর দেওয়া তিনটি বিচার প্রজাদের মনে গভীর অসন্তোষ তৈরি করেছিল। সেই অপরাধবোধ আর গ্লানি নিয়ে রাজা মারা যান, কিন্তু তাঁর আত্মা শান্তি পায়নি। লোককথা অনুযায়ী, গত ৩০০ বছর ধরে তাঁর অতৃপ্ত আত্মা এই প্রাসাদে ঘুরে বেড়াচ্ছে। কথিত আছে, যারাই এই বাড়িতে ঢোকে, রাজার আত্মা তাদের বন্দি করে তিনটি গল্প শোনায় এবং তিনটি প্রশ্ন করে—যেগুলোর উত্তর আজও কেউ সঠিক দিতে পারেনি।
রাজদীপের পরিবারও এই ভৌতিক কাণ্ডের থেকে ছাড় পায় না। কয়েক শতাব্দী ধরে অমীমাংসিত সেই তিনটি প্রশ্নের উত্তর কি দুই শিশু দিতে পারবে? রাজদীপ আর শ্রেয়া কি রাজার আত্মার কবল থেকে তাদের সন্তানদের উদ্ধার করতে পারবে? রহস্য, ইতিহাস, আবেগ আর বুদ্ধির লড়াই নিয়ে গড়ে ওঠা এক টানটান থ্রিলার এই ‘সাহেব রাজার বাড়ি’।
ছবির শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। চলতি বছরে ছবিটি মুক্তি পাবে “শির্যা ফিল্মস এন্ড ওয়ে টু সাক্সেস” এর ব্যানারে অঞ্জনা ঘোষ ও জীত চক্রবর্তী এর প্রযোজনাতে।

