রহস্য, মনস্তত্ত্ব এবং আবেগের মিশেলে তৈরি নতুন বাংলা ছবি ‘অটোবি’-র অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এল। পোস্টারেই ফুটে উঠেছে ছবির অন্ধকার, রহস্যময় আবহ, যা ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল তৈরি করেছে।
সিদ্ধি বিনায়ক ক্রিয়েশনস প্রযোজিত এই ছবির প্রযোজক ডি. কে. ভারতী। পরিচালনায় সৌমাভ বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালনায় অমিত মিত্র।
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার, ইনায়া চৌধুরী, সাহেব চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিক।
গল্পের কেন্দ্রে দুই বোন—ডিম্পল ও তানিয়া। শৈশবে ঘটে যাওয়া এক মর্মান্তিক পারিবারিক ঘটনার অভিঘাত তাদের জীবনকে আমূল বদলে দেয়। সেই ঘটনার পর থেকেই ছোট বোন তানিয়ার প্রতি ডিম্পলের রক্ষাকবচ হয়ে ওঠার অঙ্গীকারই হয়ে ওঠে তার জীবনের মূল উদ্দেশ্য।
বহু বছর পর আচমকা ঝাড়গ্রাম থেকে আসে এক দুঃসংবাদ। স্কুলশিক্ষিকা তানিয়া নিখোঁজ। তদন্তে জানা যায়, শেষবার তাকে দেখা গিয়েছিল চামসুত্তি নামে এক নিষিদ্ধ অরণ্যে প্রবেশ করতে। স্থানীয়দের বিশ্বাস, এই বন সাধারণ বন নয়—এটি এক ‘মায়াবী’ অরণ্য, যেখানে প্রবেশ করলে মানুষ বাস্তব আর ভ্রমের পার্থক্য হারিয়ে ফেলে।
বোনকে ফিরিয়ে আনতেই ঝাড়গ্রামে ছুটে যায় ডিম্পল। সেখানে তার সঙ্গে পরিচয় হয় চামসুত্তির রহস্য নিয়ে অনুসন্ধান করতে আসা বাংলাদেশি সাংবাদিক শাকিব এবং স্থানীয় জঙ্গল গাইড শমিকের। সব সতর্কবার্তা উপেক্ষা করে তিনজন প্রবেশ করে সেই নিষিদ্ধ অরণ্যে। কিন্তু জঙ্গলের গভীরে পৌঁছনোর পর থেকেই যেন বদলে যেতে থাকে সবকিছু। কাজ করা বন্ধ করে দেয় যুক্তি, প্রযুক্তি, এমনকি নিজের মনও।
মানসিক সমস্যার জন্য নিয়মিত ওষুধের উপর নির্ভরশীল ডিম্পল জঙ্গলের মধ্যে হঠাৎই খুঁজে পায় না তার ওষুধ। এরপরই শুরু হয় দুঃস্বপ্ন। অদ্ভুত শব্দ, ছায়া, অতীতের বিভীষিকা এবং বাস্তব-অবাস্তবের সীমারেখা ক্রমশ ঝাপসা হতে থাকে। একই সঙ্গে শাকিবকে ঘিরেও তৈরি হয় একের পর এক প্রশ্ন।
একসময় তানিয়াকে খুঁজে পাওয়ার অভিযান পরিণত হয় বেঁচে থাকার লড়াইয়ে। সত্যিই কি চামসুত্তির বুকে লুকিয়ে রয়েছে কোনও অলৌকিক শক্তি? নাকি মানুষের মনের গভীরতম অন্ধকার এই রহস্যের আসল উৎস? সেই উত্তর খুঁজবে ‘অটোবি’।
ছবিটি প্রসঙ্গে পরিচালক সৌমাভ বন্দ্যোপাধ্যায় বলেন, “‘অটোবি’ শুধুমাত্র একটি থ্রিলার নয়, এটি মানুষের আবেগ, ভয় এবং ভালোবাসার গল্প। আমরা এমন একটি সিনেমা তৈরি করতে চেয়েছি, যেখানে রহস্য যেমন থাকবে, তেমনই থাকবে চরিত্রগুলোর মানসিক যাত্রা। দর্শক শেষ দৃশ্য পর্যন্ত গল্পের সঙ্গে আবেগের বন্ধনে আটকে থাকবেন বলেই আমাদের বিশ্বাস।”
মনস্তাত্ত্বিক রহস্য, পারিবারিক আবেগ এবং অরণ্যের অজানা আতঙ্ককে একসঙ্গে পর্দায় তুলে ধরতে চলেছে ‘অটোবি’। সদ্য প্রকাশিত পোস্টার সেই রহস্যের প্রথম ইঙ্গিত দিল।

https://shorturl.fm/q7xXN