সাউথ পয়েন্ট স্কুল এবং সাউথ পয়েন্ট হাই স্কুল তাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাগত উৎকর্ষ, প্রতিভা এবং সর্বাঙ্গীণ বিকাশকে উদ্যাপন করল। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং বিশিষ্ট অতিথিদের সমাগমে এক অনন্য সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে কৃতী পড়ুয়াদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সর্বাঙ্গীণ ব্যক্তিত্ব গঠনের প্রতি প্রতিষ্ঠান দুটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবকল্যাণ ও ক্রীড়া এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী তথা সাউথ পয়েন্টের বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থী ড. ইন্দ্রনীল খান। তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন এবং কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের সূচনা হয় প্রার্থনা সঙ্গীত এবং স্কুল সঙ্গীতের মাধ্যমে। এরপর সাউথ পয়েন্ট স্কুলের অধ্যক্ষা দলবীর কৌর চাড্ডা স্বাগত ভাষণ দেন। তিনি গত শিক্ষাবর্ষে সাউথ পয়েন্ট স্কুল এবং সাউথ পয়েন্ট হাই স্কুলের শিক্ষাগত, সহপাঠ্যক্রমিক এবং প্রাতিষ্ঠানিক সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। সাউথ পয়েন্ট হাই স্কুলের অধ্যক্ষ জয়দেব ঘোষ, ট্রাস্টিজ অ্যান্ড গভর্নিং কাউন্সিলের এস. কে. ডাগা এবং সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটির ডিরেক্টর এ. সি. চক্রবর্তী ও রূপা সান্যাল ভট্টাচার্যের সঙ্গে যৌথভাবে পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা প্রদান করেন।
দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের অসাধারণ শিক্ষাগত কৃতিত্বের জন্য সম্মানিত করা হয়। প্রতিটি শ্রেণির প্রথম স্থানাধিকারী এবং প্রথম দশে স্থানপ্রাপ্তদের পুরস্কৃত করা হয়। এছাড়াও এম. পি. বিড়লা স্মারক কোষ প্রতিষ্ঠাতা পদক (সেরা সর্বাঙ্গীণ ছাত্রছাত্রী), সহপাঠ্যক্রমিক কার্যকলাপে উৎকর্ষের পুরস্কার এবং এম. পি. বিড়লা বিশেষ প্রতিভা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন হাউস পুরস্কার এবং এম. পি. বিড়লা স্মারক কোষের উদ্যোগে আয়োজিত আন্তঃবিদ্যালয় ‘কলাকোষ’ প্রতিযোগিতার বিজয়ীদেরও সম্মানিত করা হয়। সমাজসেবায় ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘পুজো উইথ আ হার্ট’ পুরস্কার প্রদান করা হয় দমদম পার্ক তরুণ সংঘকে।
সন্ধ্যার দ্বিতীয় পর্বে দুই স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় মৌলিক সাংস্কৃতিক প্রযোজনা মঞ্চস্থ হয়। সাউথ পয়েন্ট স্কুলের ‘আলাদিন’ সংগীত, নৃত্য ও নাট্যের মাধ্যমে দর্শকদের এক জাদুময় জগতে নিয়ে যায়, যেখানে সাহস, সহমর্মিতা ও আশার বার্তা তুলে ধরা হয়। অন্যদিকে, সাউথ পয়েন্ট হাই স্কুলের ‘লস্ট পেজেস’ ডিজিটাল পর্দার প্রতি ক্রমবর্ধমান নির্ভরতার বিষয়টি তুলে ধরে এবং জনপ্রিয় কমিক চরিত্রগুলির মাধ্যমে শিশুদের বই পড়ার চিরন্তন আনন্দ পুনরাবিষ্কারের আহ্বান জানায়। কল্পনাশক্তি, সৃজনশীলতা এবং অর্থবহ শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে প্রযোজনাটি এক শক্তিশালী বার্তা পৌঁছে দেয়।

